ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

টানা চার দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:৩০ পিএম

টানা চার দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা

দেশের বাজারে আজ আবার বাড়ানো হয়েছে সোনার দাম। এ নিয়ে টানা চার দিন সোনার দাম বাড়ল। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। আজ দাম বেড়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

শনিবার দুই দফা দাম বাড়ানো হয়। দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়, তা কার্যকর হয় রোববার থেকে। এরপর গতকাল সোমবার বাড়ানো হয় সোনার দাম। তারপর আজ আবার বাড়ল সোনার দাম। ফলে এ সপ্তাহের প্রতিদিনই সোনার দাম বেড়েছে।

এর আগে গত সপ্তাহে দুবার সোনার দাম বাড়ানো হয়। সেবার দুই দফায় সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। চলতি সপ্তাহে সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ১২ হাজার ১৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ মঙ্গলবার সকালে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে; সে কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। যদিও মূল কারণ হলো বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।

আজ বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা; ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।

গত জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। এমনও হয়েছে, সকালে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাতে আবার কমানো হয়েছে। গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।

মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। মাঝের কিছুদিন সোনার দাম কমার পর গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, গতকাল থেকে আজ পর্যন্ত ইতিমধ্যে সোনার দাম আউন্সপ্রতি ১০৭ ডলার বেড়েছে। ফলে সোনার দাম এখন আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ৩১৯ ডলার।

গত বছর থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তি। গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে ৬৩৩ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ১ হাজার ৭৪৭ ডলার।

Link copied!