প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০২:২১ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ আবারও সাজানো হচ্ছে নানা আয়োজনে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। এখানে নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী এবং আনিকা কবির শখ। আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমার গান ও ফোকগানে তাদের পরিবেশনা সাজানো হয়েছে বিশেষ কোরিওগ্রাফিতে। কোরিওগ্রাফি করেছেন সোহান ড্যান্স ট্রুপ।
সংগীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় শিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির ও চিরকুট ব্যান্ড। দীর্ঘদিন পর একসঙ্গে মনির খান ও কনকচাঁপা গাইবেন ‘প্রেমের তাজমহল’ গানটি।
এ ছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। কৌতুক পরিবেশন করবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসংগীতে “রমজানের ঐ রোজার শেষে”, বিশেষ জিঙ্গেল এবং নাটিকা। এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করলেও ‘আনন্দমেলা’র মঞ্চে এই প্রথমবারের মতো উপস্থাপনা করছেন ইরফান সাজ্জাদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার।
আনন্দমেলা উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আনন্দমেলা আমার কাছে সবসময়ই বিশেষ একটি আয়োজন। এর আগে উপস্থাপনার সুযোগ পেয়েছি, তাই এবারের আয়োজনে আবার যুক্ত হতে পেরে ভালো লাগছে। ঈদের অনুষ্ঠানে দর্শকদের জন্য সবসময়ই কিছু বিশেষ করার চেষ্টা থাকে। অনেক তারকাশিল্পীরা থাকছেন এ আয়োজনে। আশা করছি, এবারের পর্বটি দর্শকদের ভালো লাগবে। অন্যদিকে প্রথমবারের মতো ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে পেরে উচ্ছ্বসিত সাজ্জাদ।
এ অভিনেতা বলেন, ‘আনন্দমেলা ৫০ বছর পূর্ণ করতে যাচ্ছে এ বছর। সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের। নাবিলা একজন জনপ্রিয় উপস্থাপক। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ হবে। দুজন মিলে চেষ্টা থাকবে দর্শকদের জন্য প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপহার দিতে।’
ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে নাচ, গান, কমেডি ও নানা আয়োজনে সাজানো এই বিশেষ ‘আনন্দমেলা’ দর্শকদের জন্য হয়ে উঠবে বাড়তি বিনোদনের উৎস– এমনটাই আশা আয়োজকদের।
আপনার মতামত লিখুন :