ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

কঠিন হলেও আত্মবিশ্বাসী পাকিস্তান

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:০৫ পিএম

কঠিন হলেও আত্মবিশ্বাসী পাকিস্তান

 

 

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গতকাল প্রথম দিনের অনুশীলনের পূর্বে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান দলের হেড কোচ মাইক হেসন। তার মতে, ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ হলেও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান।

পাকিস্তান কোচ বলেন, ‍‍`অবশ্যই আমরা সিরিজ জিততে পারি। তবে বাংলাদেশকে আমরা বিশেষ সম্মান করি, কারণ তারা নিজেদের কন্ডিশনে খুবই শক্তিশালী দল। এখানকার কন্ডিশন টি-টোয়েন্টি সিরিজের তুলনায় ভিন্ন হবে। তখন বাউন্স খুব ধারাবাহিক ছিল না এবং উইকেট কিছুটা গড়পড়তা ছিল। এখন উইকেট আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে।‍‍`

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ। কন্ডিশন নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও নতুনদের নিয়েও আশাবাদী হেসন। তিনি বলেন, ‍‍`এটি একটি রোমাঞ্চকর দল। এখানে কিছু নতুন খেলোয়াড় রয়েছে, যারা ‍‍`শাহীনস‍‍`-এ ভালো করেছে এবং পরবর্তী ধাপে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাদের দলে অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত। তবে আমাদের বড় চ্যালেঞ্জ হবে এখানকার পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।‍‍`

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করলেও নিজেদের সবশেষ দুটি ওয়ানডে সিরিজ ভালো ফলাফল করায় বাংলাদেশের বিপক্ষে আত্মবিশ্বাসী পাকিস্তান। এই বিষয়ে পাকিস্তান কোচ বলেন, ‍‍`আমাদের শেষ দুটি ওয়ানডে সিরিজ ছিল অসাধারণ। আমরা বড় ব্যবধানে দুটি সিরিজ জিতেছি এবং দল হিসেবে দারুণ ক্রিকেট খেলেছি। ব্যাটিং অর্ডারের বিভিন্ন জায়গা থেকে রান এসেছে, যা সব সময় দলকে এগিয়ে নেয়। এই সিরিজেও নতুন খেলোয়াড়দের সামনে একই চ্যালেঞ্জ থাকবে।‍‍`

পাকিস্তান ক্রিকেট দলের কোচ মাইক হেসন

বিদেশিদের তো বটেই, মিরপুরের উইকেট নিয়ে সব সময় বাড়তি কৌতূহল কাজ করে দেশি ক্রিকেটারদের মধ্যেও। তবে এবারের উইকেট দেখে কিছুটা হাসি ফুটেছে পাকিস্তান কোচের মুখে। উইকেট নিয়ে তিনি বলেন, ‍‍`এবার উইকেট আগের চেয়ে অনেক ভালো। দুর্ভাগ্যবশত অনেক দিন ধরেই এখানে ভালো পিচ পাওয়া যায়নি। বিপিএলে দেখেছি ভালো পিচ ছিল। উইকেটে অনেক ঘাস ছিল। ব্যাট ও বলের মধ্যে জেনুইন কনটেস্ট হয়েছে। আশা করি দুই দলই উপকৃত হবে।‍‍`

 



 

Link copied!