ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

নড়াইলে অবৈধভাবে ডিজেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১২:০৩ পিএম

নড়াইলে অবৈধভাবে ডিজেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলের জ্বালানি তেলের সংকটের মধ্যে অতিরিক্ত মুনাফার আশায় ডিজেল মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় পৃথক অভিযানে মোট ৮ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাউলি পিন্টু শেখের (৫৫) কাছ থেকে ৯ ব্যারেলে রাখা ১ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

তেল মজুদ রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে খায়রুল শেখের (৪৫) কাছ থেকে ২৮ ব্যারেলে রাখা ৬ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন। এই অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে গোপনে এসব ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন ওই দুই ব্যবসায়ী।

অভিযান শেষে জব্দ করা ডিজেল স্থানীয় ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির জন্য দেওয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন  কলাবাড়ি ও বারইপাড়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।

Link copied!