ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ডিসি বদলি নিয়ে মন্তব্য: আমির হামজাকে আইনি নোটিশ

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:৫২ পিএম

ডিসি বদলি নিয়ে মন্তব্য: আমির হামজাকে আইনি নোটিশ

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ মো. আব্দুল মজিদ সদর উপজেলার কমলাপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলামের পক্ষে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন কুষ্টিয়ার বর্তমান ডিসি পদে বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।

পরবর্তীতে তার এই বক্তব্যের ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করা হয়।

আইনি নোটিশে দুইটি বিষয় স্পষ্টভাবে দাবি করা হয়েছে: ডিসি বদলির জন্য কথিত ২০–৩০ কোটি টাকা ঠিক কাদের দেওয়া হয়েছে—সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সংসদ সদস্য হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে

অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, বর্তমান সরকার দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এমন অবস্থায় একজন দায়িত্বশীল সংসদ সদস্য যদি প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন, তবে তার পক্ষে প্রমাণ থাকা জরুরি। তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া এ ধরনের বক্তব্য গুজব ছড়ানোর শামিল এবং এতে জনমনে অস্থিরতা তৈরি হতে পারে।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব বা প্রমাণ না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!