দেশের আবাসন ঋণ প্রদানকারী বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রাণকেন্দ্র আরএন রোডের সালাউদ্দিন টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত। নতুন এ শাখার মাধ্যমে যশোর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের হোম লোন, ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা প্রদান করা হবে।
ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন যশোরের শীর্ষস্থানীয় আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে শাখাটির উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসিমুল বাতেন বলেন, নতুন এই শাখা যশোর ও আশপাশের এলাকার আবাসন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যা আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল, শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ (AAA)’ ক্রেডিট রেটিং অর্জন করে আসছে। প্রচলিত গৃহঋণের পাশাপাশি প্রতিষ্ঠানটি শরিয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও প্রদান করে।