ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
amaderkhobor24.com

জমির বিরোধে নারায়ণগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৮:৪৯ পিএম

জমির বিরোধে নারায়ণগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর ভবনাথপুর এলাকার একটি ২০ শতাংশ জমি নিয়ে মোস্তাক আহম্মেদ ও প্রতিপক্ষ বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি মোস্তাকের।

শনিবার দুপুরে মোস্তাক আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মোস্তাক আহম্মেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মোস্তাক আহম্মেদ অভিযোগ করে বলেন, হামলার সময় তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের বকুল মিয়া বলেন, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ডেন্টাল ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে। বকুল মিয়ার দাবি, এ ঘটনায় তারাও থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, জমিটি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। তাদের বিরোধ নিষ্পত্তির জন্য সময় দেওয়া হলেও তা না মেনে তারা সংঘর্ষে লিপ্ত হয়। উভয়পক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!