ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
amaderkhobor24.com

গোপালগঞ্জ জেলাজুড়ে একাধিকস্থানে ককটেল বিস্ফোরণ

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:৩৮ পিএম

গোপালগঞ্জ জেলাজুড়ে একাধিকস্থানে ককটেল বিস্ফোরণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এসব ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার রাতে জেলা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

অন্যদিকে, শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এ ছাড়া মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজের ফটক ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!