ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ব্যাংকের শাখা ও এটিএম বুথে গ্রাহকের ভিড়

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:৫০ পিএম

ব্যাংকের শাখা ও এটিএম বুথে গ্রাহকের ভিড়

ঈদের আগে স্বাভাবিক ব্যাংক লেনদেন শেষ হয়েছে গতকাল সোমবার। ছুটির আগে শেষ কর্মদিবস হওয়ায় শাখা ও এটিএম বুথগুলোতে টাকা তুলতে গ্রাহকের ভিড় দেখা গেছে। এদিন শুধু আরটিজিএসে প্রায় ৮৬ হাজার লেনদেনের বিপরীতে ৪৬ হাজার ৭০৯ কোটি টাকা পরিশোধ হয়েছে। টানা ৭ দিনের বন্ধের মধ্যে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। অবশ্য আগামী বুধ ও বৃহস্পতিবার সীমিত পরিসরে কিছু শাখায় লেনদেন হবে। এ ছাড়া টানা ছুটির মধ্যে এটিএমসহ শাখাবিহীন লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঈদের আগে আগামী বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল কেনার সুবিধার জন্য ঢাকা, চট্টগ্রামসহ পোশাক-সংশ্লিষ্ট শাখা খোলা রাখা হচ্ছে। যদিও এ সময় সংশ্লিষ্ট শাখায় গিয়ে সাধারণ গ্রাহকও টাকা জমা, উত্তোলন,স্থানান্তর করতে পারেন। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত লেনদেন এবং ২টা পর্যন্ত সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। ঈদের টানা ৭ দিনের বন্ধ শেষ হওয়ার পর ২৪ ও ২৫ মার্চের পর আবার তিন দিন ছুটি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সমকালকে বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলোর টাকা জমা ও উত্তোলনের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশ বিভাগ খোলা থাকবে। এ সময় এটিএম বুথসহ বিভিন্ন নগদ টাকার প্রয়োজনে ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন হবে। সোমবার স্বাভাবিক লেনদেন শেষ হলেও এদিন ব্যাংকগুলোকে প্রায় ১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মূলত এটিএম বুথে ফিডিংয়ের জন্য ব্যাংকগুলো ওই টাকা নিয়েছে।

বন্দর-সংশ্লিষ্ট শাখা, উপশাখা ও বুথ
সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার সাধারণ নির্দেশনা বহাল রয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান রাখতে এবার ঈদের দিন ছাড়া সব দিন বন্দর খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে এ সময় বন্দ-সংশ্লিষ্ট শাখাও খোলা থাকবে।

Link copied!