ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
amaderkhobor24.com

জরুরি চাহিদা মেটাতে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

আমাদের খবর ২৪

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ০৫:৪১ পিএম

জরুরি চাহিদা মেটাতে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে জ্বালানি গ্যাসের তীব্র সংকট মোকাবিলায় আন্তর্জাতিক বাজার থেকে জরুরি ভিত্তিতে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় মোট ৫ কার্গো এলএনজি কেনার প্রস্তাব দিলেও সভায় আপাতত ২ কার্গো এলএনজি সংগ্রহের প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। সরকারি ক্রয় বিধিমালা (পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫) অনুসরণ করে এই আমদানি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানিকৃত এই এলএনজি সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। এর মধ্যে আগামী ২৩-২৪ আগস্ট সময়কালে সরবরাহযোগ্য এক কার্গো এলএনজির প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়বে ২১.৮৭ মার্কিন ডলার। এতে সরকারের ব্যয় হবে ৪২৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

এছাড়া আগামী ৪-৫ সেপ্টেম্বরের মধ্যে আমদানিতব্য দ্বিতীয় কার্গো এলএনজির দর ধরা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২১.৭৯৬ মার্কিন ডলার। এই চালানের জন্য খরচ হবে ৪২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা।

উল্লেখ্য, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এর আগে গত ১২ আগস্ট আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এরই ধারাবাহিকতায় নতুন করে আরও দুই কার্গো গ্যাস সংগ্রহের এই প্রক্রিয়া শুরু হলো।

Link copied!