ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
amaderkhobor24.com

আবারও বাড়লো স্বর্ণের দাম

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:৫১ পিএম

আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবারও ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে টানা আট দফায় প্রতি ভরি সোনার দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছিল। আট দফা কমার পর এখন টানা দুই দফায় সোনার দাম বাড়ানো হলো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার গহনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।
 

Link copied!