চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই দুই সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, তারা পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। আজ রোববার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে আলাদাভাবে পদত্যাগপত্র পাঠানো দুই সহকারী প্রক্টর হলেন– মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক পারভীন আক্তার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীণ প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে অধ্যাপক মো. বজলুর রহমান ও অধ্যাপক পারভীন আক্তার সহকারী প্রক্টরের দায়িত্ব পান। এই সময়ে তাঁরা ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও শিক্ষার্থী-সংক্রান্ত নানা বিষয় তদারকি করেন।
এ বিষয়ে অধ্যাপক পারভীন আক্তারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে প্রশাসনের কাছে অব্যাহতি চেয়েছি। তাদের অনুমতির ভিত্তিতে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, ‘দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত আছে। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, যেন যোগ্য ব্যক্তিদের দুটি পদে নিয়োগ দেওয়া হয়।’