শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের অসন্তোষ ও সমালোচনার মুখে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি এগিয়ে এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (২৩ মে) থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।
শুক্রবার (২২ মে) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, শনিবার (২৩ মে) থেকে ৬ জুন (শনিবার) পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। ফলে বৃহস্পতিবারের (২১ মে) পর বিদ্যালয়ে আর কোনো কর্মদিবস থাকছে না। এর ফলে শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে) সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল আজহার সাধারণ ছুটিও সংযুক্ত হয়ে গেল।
এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত অফিস বন্ধ থাকবে এবং ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) বিদ্যালয়গুলো খোলা থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই চিঠির প্রেক্ষিতে বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় খোলার নির্দেশনা দিলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হয়।
অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ছুটির আগে কয়েকদিন বিদ্যালয় খোলা রাখা শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পাঠদানের ক্ষেত্রে কোনো অর্থপূর্ণ ভূমিকা রাখবে না। বিষয়টি দ্রুত বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় নতুন এই নির্দেশনার মাধ্যমে বিভ্রান্তি দূর করল।
উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় তিন লাখ ৮৫ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন এবং প্রায় এক কোটি কোমলমতি শিক্ষার্থী পড়ালেখা করছে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে শিক্ষক সমাজ ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন।