ঢাকা সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

রাহুলের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে টালিউড

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

রাহুলের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে টালিউড

ছবি-সংগৃহীত

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে আর্টিস্ট ফোরাম। শুটিংয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ সিদ্ধান্ত নিয়েছেন শিল্পী-কলাকুশলীরা।

রোববার বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিওতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু ও জীতু কামাল-সহ আরও অনেকে।

বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, শুটিংয়ে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তার ভাষায়, শিল্পীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে এবং রাহুলের মৃত্যু সেই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।

একই সুর শোনা গেছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠেও। তিনি বলেন, রাহুলের মৃত্যু পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে এবং শিল্পীদের নিরাপত্তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 

 

অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকেই কর্মবিরতির পক্ষে মত দিয়েছেন। তাঁদের মতে, এটি কেবল পেশাগত নয়, বরং মানবিকতার লড়াই।

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, তারা মূলত কর্মবিরতির পক্ষে নন। তবে নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। শিল্পী ও টেকনিশিয়ানদের সুরক্ষা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

গত ২৯ মার্চ দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

রাহুলের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন এবং শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

সূত্র: সংবাদ প্রতিদিন

Link copied!