ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

দেশের এই সংকটময় মুহূর্তে সব স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার অনুরোধ মন্ত্রীর

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০১:১৩ পিএম

দেশের এই সংকটময় মুহূর্তে সব স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার অনুরোধ মন্ত্রীর

দেশের এই সংকটময় মুহূর্তে সব স্তরের স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ সেমিনারে তিনি এ অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের অনেক সংকট তা আমরা অবগত হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, অতি দ্রুত সময়ে আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো। কিন্তু তার আগে দেশের এই সংকটময় মুহূর্তে আপনাদের সহযোগিতা চাইছি।

মন্ত্রী বলেন, টিকা দেওয়ার কাজে নিয়োজিত ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্য সহায়তাকারী ৯ মাস তাদের নির্ধারিত বেতন পাচ্ছে না, এটা তাদের মধ্যে অনেক বড় একটি কষ্ট। এছাড়া স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য সহকারী ও পরিদর্শক মিলে ২৫ হাজারের বেশি, যাদের প্রমোশন আটকে আছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই, আজকে বা আগামীকালের মধ্যেই তাদের প্রতিনিধিদের ডেকে আমরা একটি সন্তোষজনক বিষয় ফয়সালা করবো, যাতে তারা খুশি হন। আমার শুধু অনুরোধ থাকবে, জাতির এ দুর্যোগের সময় তারা যেন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন।

এ সময় ডাক্তারদের অবদান ও মানবিকতার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, পৃথিবীতে আল্লাহর পরেই মানুষকে কেউ বাঁচিয়ে রাখে তারা হলেন আমাদের চিকিৎসকরা। আমি চিকিৎসকদের প্রতি অনুরোধ করব আপনারা মেডিকেল ইথিকসের মধ্যে সবচেয়ে বড় বিষয় ‘বিশ্বাস’কে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিজেলস (হাম) শুরু হওয়ার আগেই আমরা হিসাব করে এর ভ্যাকসিনের জন্য করোনাকালীন সময়ে অব্যবহৃত ৬০৪ কোটি টাকা এডিবির মাধ্যমে ইউনিসেফের কাছ থেকে ইপিআইয়ের জন্য সংগ্রহ করার বিষয়টি এরইমধ্যে ক্যাবিনেট থেকে পাস করে দিয়েছি। আমরা গ্যাভির কাছ থেকে পরিস্থিতি মোকাবিলার জন্য হামের টিকা ধার নিয়েছি। আগামী রোববার থেকে সারা বাংলাদেশে শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু করবো, ইনশাআল্লাহ।

Link copied!