ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ইরানে ৫ হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:৩৮ এএম

ইরানে ৫ হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী ‘ডিপ পেনিট্রেটর’ বা বাঙ্কার বাস্টার বোমা দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 

বুধবার (১৮ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করে জানায়, গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আক্রমণের প্রতিবাদে ইরান এই জলপথটি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছিল। এই অচলাবস্থা কাটাতে এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী তাদের অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী এই বোমাগুলো ব্যবহার করেছে।

 

সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উপকূলরেখায় অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে সফলভাবে একাধিক ৫ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার ছুড়েছে মার্কিন বাহিনী। ওই ঘাঁটিগুলোতে থাকা জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের পাঁচ ভাগের এক ভাগ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই অবরোধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা নিরসনে ওয়াশিংটন এই সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছিল।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যাটোর মিত্র দেশগুলোকে এই অভিযানে সহায়তা করার আহ্বান জানানো হলেও অধিকাংশ মিত্র দেশই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মিত্রদের এই অনীহায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন যে, যুক্তরাষ্ট্র ন্যাটোর দেশগুলোকে অনেক সাহায্য করলেও প্রয়োজনে তারা পাশে দাঁড়াচ্ছে না। 

তিনি দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা সবার স্বার্থেই জরুরি, যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ ও বিদ্যুৎ উৎপাদনের কাজে নিয়োজিত। মিত্ররা সামান্য কয়েকটি মাইনসুইপার জাহাজ পাঠিয়ে সহায়তা করতেও রাজি না হওয়ায় ট্রাম্প তাঁর অসন্তোষ ব্যক্ত করেছেন।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত কয়েক মাস ধরে ইরানের বিরুদ্ধে এই কঠোর সামরিক অবস্থান নেওয়ার জন্য ট্রাম্পকে উৎসাহিত করে আসছিলেন। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধের সিদ্ধান্ত তিনি তাঁর ব্যক্তিগত ‘অনুভবে’র ওপর ভিত্তি করেই নিয়েছেন এবং এর সমাপ্তিও তাঁর ইচ্ছানুযায়ী ঘটবে। 

বর্তমানে এই সংঘাতের পুরো দায়ভার এখন ট্রাম্পের কাঁধেই বর্তাচ্ছে। ৫ হাজার পাউন্ডের এই বাঙ্কার বাস্টার বোমাগুলো মূলত মাটির গভীরে বা পাহাড়ের ভেতরে থাকা শক্তিশালী স্থাপনা ধ্বংস করতে সক্ষম। প্রতিটি বোমার আনুমানিক মূল্য ২ লাখ ৮৮ হাজার মার্কিন ডলার হলেও এগুলো গত বছর ইরানের পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত ৩০ হাজার পাউন্ডের বোমার চেয়ে কিছুটা কম শক্তিশালী।

সূত্র: এনডিটিভি

Link copied!