ঢাকা বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, ২ সপ্তাহ হামলা বন্ধের ঘোষণা

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৮:১৬ এএম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, ২ সপ্তাহ হামলা বন্ধের ঘোষণা

ইরানের বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ হামলার যে হুমকি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি।

ট্রাম্প হুমকি দিয়েছিলেন, দাবি না মানলে ‘পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে’। তবে সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে নাটকীয়ভাবে তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

যে শর্তে যুদ্ধবিরতি

ট্রাম্প জানিয়েছেন, শেষ মুহূর্তের এই সমঝোতার প্রধান শর্ত হলো—হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস সরবরাহে ইরানের দেওয়া অবরোধ স্থগিত করা।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরান পাল্টা আক্রমণ বন্ধ রাখবে এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের সুযোগ দেবে।ট্রাম্প আরও জানিয়েছেন, ইরান আলোচনার জন্য ১০ দফার একটি প্রস্তাব দিয়েছে, যাকে তিনি একটি ‘উপযুক্ত ভিত্তি’ বলে মনে করছেন। আগামী দুই সপ্তাহের মধ্যেই একটি চুক্তিতে পৌছানোর ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত মেনে ইরানের ওপর ইতোমধ্যেই হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

তেহরান

যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তেহরানের রাস্তায় উদযাপন। ছবি: রয়টার্স

মধ্যস্থতায় পাকিস্তান

এই যুদ্ধবিরতির পেছনে বড় ভূমিকা পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার মধ্যস্থতায় এই সমঝোতা সম্ভব হয়েছে বলে খবরে জানিয়েছে রয়টার্স।ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি আলোচনার বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত জানিয়েছেন, ‘সরাসরি আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, তবে প্রেসিডেন্ট বা হোয়াইট হাউস থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়।’

তেলের বাজারে প্রভাব

যুদ্ধবিরতির খবর আসার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ১৭ শতাংশেরও বেশি কমে ব্যারেল প্রতি ৯২ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তেহরানের রাস্তায় সাধারণ মানুষকে উদযাপন করতে দেখা গেছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘লজ্জাজনক পিছু হটা’ হিসেবে বর্ণনা করেছে।

Link copied!