ছয় দশকের বেশি সময় ধরে চলে আসা ডিএমকে ও এআইএডিএমকের একচেটিয়া আধিপত্য ভেঙে রোববার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া সি. জোসেফ বিজয় থালাপতি। শপথের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানান এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, `তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী মেয়াদের জন্য শুভকামনা রইল।`
একই সঙ্গে তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার কাজ করে যাবে।
রোববার সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যায়।
শপথের পর প্রথম ভাষণে বিজয় নিজেকে `সাধারণ মানুষ` হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, কোনো রাজকীয় পরিবার থেকে না আসা একজন মানুষ হিসেবেই জনগণ তাকে গ্রহণ করেছে। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, `প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ` গড়ে তুলতে কাজ করবেন তার সরকার। পাশাপাশি সরকারের কাজ মূল্যায়নের জন্য জনগণের কাছে যুক্তিসঙ্গত সময় চান তিনি।
ক্ষমতার কাঠামো নিয়েও স্পষ্ট বার্তা দেন বিজয়। তিনি বলেন, `আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র হব।` তার এই মন্তব্যকে জোটসঙ্গীদের চাপমুক্ত থেকে সরকার পরিচালনার বার্তা হিসেবে বিশ্লেষকরা দেখছেন।