ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
amaderkhobor24.com

জম্মু-কাশ্মীর-আকসাই চীনকে মানচিত্রে ভারতের অংশ হিসেবে দেখালো যুক্তরাষ্ট্র

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:১০ পিএম

জম্মু-কাশ্মীর-আকসাই চীনকে মানচিত্রে ভারতের অংশ হিসেবে দেখালো যুক্তরাষ্ট্র

১৯৪৭ সালে বিভক্তির সময় থেকেই জম্মু ও কাশ্মীরকে ঘিরে ভারত-পাকিস্তানের রেষারেষি চলে আসছে। বেশ কয়েকবার যু্দ্ধেও জড়িয়েছে দেশ ‍দুটি। অন্যদিকে আকসাই চীনকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে চীন। এবার দীর্ঘদিনের দাবি ও অবস্থানের বিপরীতে গিয়ে জম্মু-কাশ্মীর ও আকসাই চীনকে ভারতের ভূখণ্ড হিসেবে মানচিত্রে উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র প্রকাশিত এক মানচিত্রে। এতে কূটনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান ও চীন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির একটি কাঠামো ঘোষণার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের এ মানচিত্র প্রকাশ করা হয়।

মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানচিত্রে পাকিস্তানের দখলে থাকা অংশ-যা পাকিস্তান শাসিত কাশ্মীর (পিওকে) নামে পরিচিত- তাও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি আকসাই চীন এলাকাকেও ভারতের ভূখণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে অনেকদিন ধরেই দাবি করে আসছে নয়াদিল্লি। অন্যদিকে পাকিস্তান ওই অঞ্চলের একটি অংশের ওপর দাবি জানিয়ে আসছে এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি তুলে ধরেছে। 

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, অতীতে ওয়াশিংটন এ বিষয়ে তুলনামূলকভাবে সতর্ক ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখত। নতুন মানচিত্রে পুরো জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানোকে যুক্তরাষ্ট্রের অবস্থানে এক ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Link copied!