ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

বিএনপিকর্মী মকবুল হত্যা : আফজাল নাছেরকে ৫ দিনের রিমান্ডে চায় ডিবি

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:৪৩ পিএম

বিএনপিকর্মী মকবুল হত্যা : আফজাল নাছেরকে ৫ দিনের রিমান্ডে চায় ডিবি

মিরপুর থানার হত্যা মামলার পর এবার বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

রোববার (৫ এপ্রিল) ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন এ আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান এতথ্য জানান।

গত রোববার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

৬ দিনের রিমান্ড শেষে রোববার তাকে আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন।

এদিকে তাকে পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহর আদালতে অনুষ্ঠিত হবে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। 

Link copied!