ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
amaderkhobor24.com

আনিসুল-পলক ফের গ্রেপ্তার

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০২:৪৯ পিএম

আনিসুল-পলক ফের গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন (২৫) নামে এক ড্রাইভারের বাঁ চোখ নষ্ট হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আওলাদ হুসাইন তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, পলক ও আনিসুল হক বর্তমানে অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। মামলার তদন্তে তাদের জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্যরা গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে শুনানি করেন, অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ৯টা থেকে বাদীর বন্ধু হোসেন, খোকন, আরিফসহ অনেকে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

এ সময় বাদীর শরীরের বিভিন্ন স্থান, বাঁ চোখ ও মাথায় গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিন দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বাঁ চোখের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে তার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Link copied!