পরিবার বা প্রিয়জনকে চমকে দিতে বিশেষ দিনে অনেকেই ভিন্ন কিছু রান্না করতে পছন্দ করেন। সাধারণ পোলাও-মাংসের বদলে এবারের ঈদের আয়োজনে রাখতে পারেন সুস্বাদু খাসির মাংসের আখনি পোলাও। সঠিক রেসিপি মেনে রান্না করলে খুব অল্প সময়েই তৈরি করা যায় জিভে জল আনা এই রাজকীয় পদটি। চলুন, জেনে নিই রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ
মাংস রান্নার জন্য: দেড় কেজি খাসির মাংস, পেঁয়াজ-আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা, টকদই, গরম মসলা গুঁড়া, তেল ও স্বাদমতো লবণ।
আখনি পানির জন্য: দেড় লিটার পানি, কয়েক টুকরো হাড়, শাহী জিরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা ও দারুচিনি।
পোলাওয়ের জন্য: ৫০০ গ্রাম বাসমতি বা পোলাও চাল, ঘি, মাওয়া, গুঁড়া দুধ, কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা ও সেদ্ধ ডিম।
রান্নার পদ্ধতি
১।মাংস তৈরি: প্রথমে খাসির মাংস ধুয়ে টকদই ও সব বাটা মসলা দিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর সসপ্যানে তেল ও পেঁয়াজ কুচি ভেজে মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিন। রান্না শেষ হলে মাংস আলাদা পাত্রে তুলে রাখুন।
২।আখনি পানি প্রস্তুত: অন্য একটি পাত্রে পানির সঙ্গে হাড় ও সব আস্ত গরম মসলা দিয়ে জ্বাল দিন। পানি কমে ১ লিটার হয়ে এলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন।
৩। পোলাও দমে রান্না: এবার ধুয়ে রাখা চালের সঙ্গে ১ লিটার আখনি পানি, গুঁড়া দুধ ও গরম মসলা দিয়ে নাড়তে থাকুন। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম, আলুবোখারা ও বেরেস্তা দিয়ে দমে রাখুন।
১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস ও মাওয়া সাজিয়ে দিন। সবশেষে আরো ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আখনি পোলাও।
আপনার মতামত লিখুন :