ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:৪৪ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে পল কাপুর। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে পৌঁছান।

দিনের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করছেন পল কাপুর। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন।

পরে পল কাপুর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করবেন।

সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সফর উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন পল কাপুর।

ঢাকা–ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে পল কাপুর গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি ভূরাজনৈতিক প্রসঙ্গগুলো আলোচনায় আসবে। ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ব্যবসা–বাণিজ্য, প্রতিরক্ষা, ভিসার মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে। মূলত গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সই করা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) চুক্তি মেনে চলার বার্তা থাকবে নতুন সরকারের প্রতি। আর এ কারণে চুক্তির আগে এ বিষয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদা বৈঠকও করেছে মার্কিন বাণিজ্য দপ্তর।
 

Link copied!