প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৪:৫৯ পিএম
সরকারি হাসপাতালে দায়িত্বকালে কোনো চিকিৎসক বাইরে প্র্যাকটিস করলে তার লাইসেন্স স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে।
মো. সাখাওয়াত হোসেন জানান, অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় সরকারি চিকিৎসক ডা. রাজেশ মজুমদারের লাইসেন্স ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যে বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছিলেন, সেই প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানেরর দৃষ্টিগোচর হয় এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ অনুসারে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ডিউটির সময় বেসরকারি চেম্বার বা ক্লিনিকে রোগী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে তিনি বলেন, এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ডিউটি চলাকালীন বেসরকারি চেম্বারে রোগী দেখার ঘটনা রোধে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও তদারকি জোরদার করা হয়েছে।
সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
আপনার মতামত লিখুন :