২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্র তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করেছে। শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, সংশ্লিষ্ট কলেজসমূহ, কলেজ কোড এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করবেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্রসহ উত্তরপত্র বোর্ড থেকে গ্রহণ করবেন।
এছাড়া প্রতিদিনের পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে এবং উত্তরপত্র নির্ধারিত নীতিমালা অনুসারে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।
ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট সব নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।