ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তাদের সবাই যাচ্ছেন সংসদে।
বুধবার সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ তথ্য জানান।তিনি বলেন, বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে।
৫৩ জন প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন প্রার্থীরই মনোনয়ন বৈধ হয়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পার না হওয়া সংক্রান্ত কারণে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করে ইসি। এ ছাড়া কোনো জোট বা দলের পরিচয় এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর না থাকায় অন্য তিনজনের মনোনয়নও বাতিল হয়।
এদিকে আপিল শুনানিতেও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকায় মোট বৈধ প্রার্থির সংখ্যা দাঁড়ায় ৪৯ জনে। পরে বৈধ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ইসি।
বিএনপি জোটের ৩৬ বৈধ প্রার্থী হচ্ছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ বৈধ প্রার্থী হলেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, প্রকৌশলী মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও প্রকৌশলী মাহবুবা হাকিম। এ ছাড়া স্বতন্ত্র জোটের বৈধ প্রার্থী হচ্ছেন সুলতানা জেসমিন।
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাছাই শনিবার
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দাখিল করা মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের প্রেক্ষিতে আগামী ২ মে শনিবার তার মনোনয়ন বাছাইয়ের দিন ধার্য করেছে ইসি।
বুধবার এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন গ্রহণের জন্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ইসি নতুন সময়সূচি নির্ধারণ করেছে। আগামী ২ মে শনিবার সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। বাছাইয়ের সময় প্রার্থীসহ তার প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
গত ২১ এপ্রিল বিকেল ৪টায় মনোনয়ন দাখিলের সময় শেষ হলেও নুসরাত ১৯ মিনিট পর তা ইসিতে দাখিল করেন। ফলে রিটার্নিং কর্মকর্তা তা আমলে না নিয়ে বাছাই কার্যক্রমের বাইরে রাখেন। পরে সোমবার নুসরাত হাইকোর্টে আপিল করলে আদালত ইসির মনোনয়ন গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।