আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৮ মে) সকাল থেকে বিভিন্ন বাস কম্পানি সরাসরি বাস কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই দেশের বিভিন্ন রুটের বাসের টিকিট সংগ্রহ করতে পারছেন।
এদিকে, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফরমেও একই ভাড়া কার্যকর থাকবে।
সংগঠনটি আরো জানিয়েছে, প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হবে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।
অনলাইনে টিকিট কেনার নিয়ম
অনলাইনে বাসের টিকিট কেনার জন্য বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে।
এর মধ্যে সহজডট কম, বিডিটিকিটেস, যাত্রী অন্যতম। এসব অ্যাপের রেজিস্ট্রেশন প্রক্রিয়া একই রকম। ক্রেতা চাইলে ওয়েবসাইট অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে টিকিট কাটতে পারেন। তবে এক্ষেত্রে প্রয়োজন হবে এনআইডি নম্বর, মোবাইল নম্বর।
টিকিট কাটার নিয়ম
ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশের পর যে পেজ আসবে, সেখানে কোথায় থেকে গন্তব্য কোথায় এবং যাত্রার তারিখ উল্লেখ করতে হবে। এর পর সার্চ বাস অপশনে ক্লিক করতে হবে। নতুন পেজে বাসের নাম ও ছাড়ার সময় এবং মূল্য কত তা দেখাবে। সময় অনুযায়ী পছন্দের বাস সিলেক্ট এবং আসন সিলেক্ট করে নিতে হবে।
বাসের আসন চয়নের ক্ষেত্রে লক্ষণীয়—যে আসনগুলো বুকিং হয়ে গেছে সেগুলো লাল অথবা কালো রং দেখাবে এবং যেগুলো এখনো ফাঁকা রয়েছে সেগুলো সবুজ অথবা সাদা রং দেখাবে।
পছন্দ প্রয়োজন অনুযায়ী আসন নির্বাচন করতে হবে। এর পর যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে।
অনলাইন পেমেন্ট
আসন চূড়ান্তভাবে নির্বাচনের পর ই-ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে। তবে আসন নির্বাচনের ৩০ মিনিটের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
পেমেন্ট সম্পূর্ণ করার পর টিকিট ডাউনলোডের অপশন চলে আসবে। সেখান থেকে টিকিটটি ডাউনলোড করে নেওয়া যাবে। যাত্রার সময় অবশ্যই টিকিটের প্রিন্টিং কপিটি সঙ্গে রাখতে হবে।