পবিত্র হজ ২০২৬ উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের আগমন অব্যাহত রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৯ মে পর্যন্ত মোট ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১২৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।
যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইন্সে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
এদিকে সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২১ হাজার ১৪টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৩ হাজার ৭৮০টি সেবা দেওয়া হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে হজযাত্রী পরিবহনের শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। অন্যদিকে হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।