ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

ঈদ উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৮:৫০ এএম

ঈদ উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত কার্যকর থাকবে। 

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের, বিদ্যুৎ বিভাগ সমন্বয়-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। 

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জনসাধারণের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, এ বিষয়ে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের প্রতি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়ার কথাও বলা হয় এতে। 

এছাড়া দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতেও এই কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা সমিতিকে অবহিত করেছে। তবে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার ও বাহারি আলোকসজ্জা থেকে বিরত থাকতে বলা হয়েছে ব্যাবসাপ্রতিষ্ঠানগুলোকে। 

এর আগে, গত ৬ এপ্রিল জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ করার নির্দেশনা দেয় সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

Link copied!