ফাইল ছবি (সংগৃহীত)
ঈদের দিনেও চলাচল করবে একটি আন্তঃনগর ট্রেন। তবে নির্ধারিত সূচি অনুযায়ী নয়, দীর্ঘ বিলম্বের কারণেই ঈদের দিন ট্রেনটি চলবে বলে জানা গেছে। ট্রেনটি হলো জামালপুর-চট্টগ্রাম রুটের আন্তঃনগর বিজয় এক্সপ্রেস।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ট্রেনটি প্রতিদিন সকাল সোয়া ৯টায় এবং জামালপুর থেকে রাত ৮টায় ছেড়ে যায়। ট্রেনটির নির্ধারিত যাত্রা সময় প্রায় সাড়ে আট ঘণ্টা। তবে চট্টগ্রাম-ময়মনসিংহ রুট থেকে জামালপুর পর্যন্ত সম্প্রসারণের পর থেকেই সময়সূচি মেনে চলতে পারছে না ট্রেনটি।
সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত পথ ও দীর্ঘ পরিচালন সময়ের কারণে ট্রেনটির বিলম্ব দিন দিন বাড়ছে। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই সাত থেকে আট ঘণ্টা বিলম্বে চলেছে বিজয় এক্সপ্রেস। বুধবারও ট্রেনটি দীর্ঘ বিলম্বে চলাচল করায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং ক্ষোভ প্রকাশ করেন।
ঈদের আগে শেষ ট্রিপে ট্রেনটি সকাল সোয়া ৯টার পরিবর্তে প্রায় সাড়ে সাত ঘণ্টা দেরিতে চট্টগ্রাম ছেড়ে যায়। এর আগে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছায় আট ঘণ্টার বেশি বিলম্বে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী চললে ট্রেনটি রাত ১টার দিকে জামালপুর পৌঁছানোর কথা। সেখান থেকে রাত ২টায় ফের যাত্রা শুরু করলে চট্টগ্রামে পৌঁছাতে সকাল ১১টার বেশি সময় লাগবে। পথে বিলম্ব আরও বাড়লে ট্রেনটি ঈদের দিন দুপুর কিংবা বিকেলেও চলাচল করতে পারে।
ট্রেনে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মচারী বলেন, বর্তমানে সময়সূচির দিক থেকে সবচেয়ে সমস্যাগ্রস্ত ট্রেনগুলোর একটি হচ্ছে বিজয় এক্সপ্রেস। জামালপুর পর্যন্ত রুট বাড়ানোর পর থেকে ট্রেনটি নিয়মিত বিলম্বে চলছে। এমন পরিস্থিতিতে দায়িত্বে থাকা অনেক কর্মচারী এবার ঈদের নামাজও আদায় করতে পারবেন না বলে জানান তারা।