ছবি:সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে সাত শিশু, আর এক শিশু হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা ৬২৮ এ দাঁড়াল।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে তিন শিশু ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯২। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। তাদের মধ্যে ৩৪৬ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রামে ২২১ জন ও বরিশালে ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১ হাজার ১৯৪ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।