ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
amaderkhobor24.com

নাঈমকে পিটিয়ে থানায় নেওয়া সোর্স ৫ আগস্টের মামলায় গ্রেফতার

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১০:৩২ এএম

নাঈমকে পিটিয়ে থানায় নেওয়া সোর্স ৫ আগস্টের মামলায় গ্রেফতার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পিটিয়ে থানায় নেওয়া এবং থানায় হেনস্তার ঘটনায় করা মামলার কোনও অগ্রগতি নেই। দুই পুলিশসহ তিন জনকে আসামি করে করা মামলায়ও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই মামলায় সোহেল হোসেন সরকার নামে পুলিশের এক সোর্সকে আটক করা হলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়েছে দুই বছরের আগের করা এক মামলায়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় গঠিত তিন সদস্যের কমিটি তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। কমিটির প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত শনিবার (১৩ জুন) সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। মামলায় খুলশী থানার এসআই মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, কনস্টেবল রাসেল চৌধুরী ও পুলিশের সোর্স সোহেল হোসেন সরকারকে আসামি করা হয়। 

মামলার এজাহারে মারধর, অপহরণের চেষ্টা ও বেআইনিভাবে আটকে রাখার বিষয় উল্লেখ করা হয়। মামলার পর পুলিশের সোর্স সোহেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সিএমপি। বাকি দুই আসামি এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেলকে খুলশী থানা থেকে প্রত্যাহার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্ত পুলিশ সদস্যরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

ফৌজদারি মামলা করার পরও সুনির্দিষ্ট আসামি পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী সাব্বির আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘মামলার এজাহারে থাকা দুই পুলিশ সদস্য ও ওসি; যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের গ্রেফতার করা হয়নি। আমরা চাই, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এখন পর্যন্ত শুনেছি, এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। তাহলে আমরা বিচার পাবো কীভাবে।’

Link copied!