ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
amaderkhobor24.com

দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

আমাদের খবর ২৪

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০৪:৪২ পিএম

দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

ফুটবলের দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিল। সেই দেশটি এবার ইতিহাস গড়েছে ক্রিকেটেও। দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল।

১৯৯৫ সালে শুরু হওয়া দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের এটি ২১তম আসর। এর আগে ব্রাজিল ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হয়েছিল। এবার পানামাকে ৩ রানে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের ট্রফি হাতে  নিলো তারা। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ১২ বার চ্যাম্পিয়ন দলটি এনিয়ে গত দুই আসরে অংশ নেয়নি।

রোববার (৯ আগস্ট) কলম্বিয়ায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে পানামার বিপক্ষে ব্রাজিল ৭ উইকেটে ১২৮ রান করে। ফাইনালে তাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো।

১২৯ রানের লক্ষ্যে নেমে মাহমেদ বাওয়ার ৪৬ রানের সুবাদে লড়াই করে পানামা। আসুনসাও ও গ্যাব্রিয়েল অলিভেইরার কৃপণ বোলিংয়ে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। ৫ উইকেটে ১২৫ রানে থামে পানামা।

আসুনসাও শেষ ওভারে ১৪ রান ডিফেন্ড করতে সফল হয়েছেন ১০ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে। ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া অলিভেইরা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ইয়াসা হারুন।

Link copied!