ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:৩৩ পিএম

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‍‍`বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই। আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি।‍‍`

মূলত, নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের বাইরে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান। ওই চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ।

এই চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫টিতে।

তবে নতুন করে চুক্তি হতে যাওয়া ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।

Link copied!