ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

অ্যাপে প্রিমিয়াম সুবিধা দেবে মেটা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:৫১ পিএম

অ্যাপে প্রিমিয়াম সুবিধা দেবে মেটা

সারাবিশ্বে টেকপ্রেমীর কাছে অ্যাপ মানেই অবিচ্ছেদ্য একটি নাম, আর তা হলো মেটা উদ্ভাবিত হোয়াটসঅ্যাপ। এটি নিয়ে গ্রাহক মহলে সব সময়ই আগ্রহ থাকে অনেক বেশি। এতে নতুন কোনো ফিচার বা আগাম খবরে ভক্তদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। নতুন খবর ছড়িয়েছে, এই অ্যাপ নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা ঘোষণা করতে পারে। এর আগেও কয়েক দফা এমন পরিষেবা উন্মোচনের পরিকল্পনা করেছে সংস্থাটি। রিপোর্টে দাবি করা হয়, এই অ্যাপ এখন প্রিমিয়াম প্ল্যান তৈরির কাজ করছে। এটি বাধ্যতামূলক হবে না। এই প্ল্যানে নির্ধারিত মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে গ্রাহক বিশেষ কিছু ফিচার ব্যবহারের সুবিধা নিতে পারবেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন এই প্ল্যানের নাম হতে পারে হোয়াটসঅ্যাপ প্লাস। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস– দুটি প্ল্যাটফর্মের জন্যই নেওয়া হয়েছে আলাদা পরিকল্পনা। এটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। জানা গেছে, প্লাস সংস্করণের গ্রাহক অ্যাপের ভেতরের অবয়ব নিজের মতো করে বদলে নেওয়ার কয়েকটি কাস্টমাইজেশন অপশন পাবেন।
অ্যাপ আইকন, থিম ও অ্যাকসেন্ট রং পরিবর্তনের সুবিধা থাকতে পারে। তা ছাড়া বড় পরিবর্তন হতে পারে চ্যাট পিন করার ক্ষেত্রে।
বর্তমানে সাধারণ গ্রাহক সব মিলিয়ে তিনটি চ্যাট পিন করতে পারেন।

কিন্তু এই অ্যাপের প্লাস গ্রাহক একসঙ্গে ২০টি চ্যাট পিন করার সুবিধা পাবেন। ফলে অতীব জরুরি ব্যক্তি বা অফিসের কথোপকথন সব সময় তালিকার ওপরে রাখা সহজ হবে।
জানা গেছে, প্রিমিয়াম গ্রাহকরা পেতে পারেন বিশেষ রিংটোন সুবিধা। এই রিংটোন শুধু প্লাস সাবস্ক্রাইবারদের জন্যই বরাদ্দ হবে।
কিছু এক্সক্লুসিভ স্টিকার ও কয়েকটি ইন্টারঅ্যাকটিভ মেসেজ রিঅ্যাকশন ফিচার দেওয়া হতে পারে। তবে জরুরি বিষয় হলো, এই অ্যাপের সাধারণ গ্রাহক অ্যাপটি আগের মতো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। ভয়েস কল, মেসেজ বিনিময়, ভিডিও কল, মিডিয়া শেয়ার করা, গ্রুপ চ্যাট ব্যবহার করা বা প্রাইভেসি ফিচার– সবকিছুই গ্রাহকের জন্য ফ্রিতে সচল থাকবে।
বিশ্লেষকরা বলছেন, মেটা এখনও এই প্রিমিয়াম প্ল্যানের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি।
কারণ, এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। তা ছাড়া এই সাবস্ক্রিপশনের সম্ভাব্য মূল্য কত হতে পারে, সে বিষয়ে এখনও তেমন কোনো ধারণা পাওয়া যায়নি।

Link copied!