ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

সিরিজ ’ফাইনালে’ এবার কী করবে বাংলাদেশ

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:১৭ এএম

সিরিজ ’ফাইনালে’ এবার কী করবে বাংলাদেশ

মিরপুরে আজ ‘ফাইনাল’। বাংলাদেশ অথবা পাকিস্তান, তৃতীয় ওয়ানডেটা যারাই জিতবে, জিতে নেবে তিন ম্যাচের সিরিজটা। ১-১ সমতায় থেকে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা অবশ্য নতুন কিছু নয় বাংলাদেশের জন্য। পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে ৭২টি, এর ১৭টিতে প্রথম দুই ম্যাচ শেষে ছিল ১-১ সমতা। এর আটটিতে শেষ ম্যাচ জিতে সিরিজের ট্রফি হাতে নিয়েছে বাংলাদেশ। হেরেছে নয়টি সিরিজ নির্ধারণী ম্যাচে।

সর্বশেষ এমন ‘ফাইনাল’টা জিতেছে বাংলাদেশই। গত অক্টোবরে মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ম্যাচে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। টাই হওয়া দ্বিতীয় ম্যাচটি সুপার ওভারে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।  

ওয়ানডে সিরিজে বাংলাদেশের এমন ‘ফাইনাল’ খেলার প্রথম অভিজ্ঞতা ২০০৪ সালে। যদিও শুরুতে জিম্বাবুয়ের সফরে ওই সিরিজটি ছিল পাঁচ ম্যাচের। কিন্তু প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় কার্যত সেটি হয়ে দাঁড়ায় তিন ম্যাচের সিরিজ। যার প্রথমটি জিতে ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর প্রায় পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ে অবশ্য পরের ম্যাচেই জিতে সিরিজে সমতা ফেরায়। ‘ফাইনালে’পরিণত হওয়া শেষ ম্যাচটি জিতে সিরিজও জিতে নেয়।

একই বছর ঢাকা স্টেডিয়ামে নিজেদের শততম ওয়ানডেতে জয় পেয়ে ভারতের বিপক্ষে সমতা ফেরায় বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচটি জিতে নেয় ভারত। এরপর ২০০৬ সালে শ্রীলঙ্কা ও ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে হারে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এমন ফাইনালে রূপ নেওয়া তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রথম জয়টি আসে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। মিরপুরে কুয়াশার কারণে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১১৯ রান করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ ২৭ বল ও ৬ উইকেট হাতে রেখে যা পেরিয়ে যায়।

এরপর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা (২০১৫ ও ২০২৩), আফগানিস্তান (২০১৬), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮ সালে দুবার ও ২০২৫) ও শ্রীলঙ্কাকে তৃতীয় ম্যাচে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতেছে।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের আট জয়ের মাত্র দুটিই দেশের বাইরে। আর ঘরের মাঠে এমন ম্যাচে হেরেছে চারটিতে।

Link copied!