দ্য হানড্রেড নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থেকে ছিলেন কেবল মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। দুজনের মধ্যে দল পেয়েছেন কেবল মুস্তাফিজ। ১২ মার্চের নিলামে এক লাখ পাউন্ডে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মুস্তাফিজের চাহিদা সব সময়ই তুঙ্গে। এরপরও কী পরিকল্পনা থেকে তাঁকে দলে নেওয়া, সেটি পরিষ্কার করে বলেছেন বার্মিংহামের বোলিং কোচ শেন বন্ড।
কিউই এই বোলিং কোচের সঙ্গে মুস্তাফিজের সম্পর্ক বেশ পুরোনো। ২০১৮ সালে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সময় বন্ডকে বোলিং কোচ হিসেবে পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। তখনই সাবেক এই নিউজিল্যান্ড গতি তারকার সঙ্গে একটা দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। এ সম্পর্কও দল পেতে সাহায্য করেছিল।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’তে প্রকাশিত এক ভিডিওতে মুস্তাফিজকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বন্ড, ‘আমি মুম্বাইয়ে মুস্তাফিজের সঙ্গে কাজ করেছি। আমাদের একটা সম্পর্ক আছে। সে গেম চেঞ্জিং বোলার। মুস্তাফিজ দুর্দান্ত এবং সে যে অফস্পিনটা করে... আমার মনে হয়, তাঁর গতি পরিবর্তন খেলায় অনেক বড় প্রভাব ফেলবে। মুস্তাফিজ এ ক্ষেত্রে অন্যতম সেরা।’ মুস্তাফিজের স্লোয়ার ইংল্যান্ডে বেশ কার্যকর হবে বলেও আশা তাঁর, ‘আমরা একটা গবেষণা করেছি। ইংল্যান্ডের বেশ কিছু মাঠে মৌসুম যত আগাবে, বল ঘুরতে শুরু করবে। এখন যদি আপনার কাছে মুস্তাফিজের মতো কেউ থাকে, তাহলে অনেক কাজে আসবে।’
বার্মিংহামের পাকিস্তানি রহস্য স্পিনার উসমান তারিকেরও প্রশংসা করেন বন্ড, ‘আমার মনে হয়, উসমানের মতো কাউকে তারা (প্রতিপক্ষ) খুব বেশি খেলেনি। তাঁর স্পিন খেলাটাও চ্যালেঞ্জিং হবে। আমাদের অধিকাংশ মাঠেই ফ্ল্যাট উইকেট। এমন উইকেটে যদি শক্তিশালী ও বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণ না থাকে, তাহলে সফলতা আসবে না। এসব সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটিং অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে বোলিং শক্তিশালী না হলে ম্যাচ জেতা যাবে না।’ আগামী ২১ জুলাই শুরু হবে হানড্রেডের পঞ্চম আসর।
আপনার মতামত লিখুন :