অবশেষে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গতকাল ১৮ মে, রিও ডি জেনিরোর ঐতিহাসিক `মিউজিয়াম অব টুমরো`-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেলেসাওদের এই স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
এবারের দল ঘোষণার সবচেয়ে বড় চমক পোস্টার বয় নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। দীর্ঘ আড়াই বছর (২০২৩ সালের পর) জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড। অভিজ্ঞ ও তরুণ প্রতিভার এক দারুণ মিশ্রণে গড়া হয়েছে এই স্কোয়াড। তবে দল গঠনে বড় ধাক্কা হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড রদ্রিগোর অনুপস্থিতি, যা ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
২০২৩ সালের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন সান্তোসে খেলা নেইমার। তার এই ফেরা সেলেসাও শিবিরে বাড়তি উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আক্রমণভাগে নেইমারের সঙ্গী হিসেবে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া এবং লিওঁতে খেলা তরুণ তুর্কি এন্ড্রিক। তবে সবাইকে চমকে দিয়ে স্কোয়াড থেকে বাদ পড়েছেন রদ্রিগো।
কোচ আনচেলত্তির অধীনে একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য রেকর্ডধারী ব্রাজিল এবার ষষ্ঠ শিরোপা (হেক্সা) জয়ের মিশন নিয়ে মাঠে নামবে।
বিশ্বকাপের গ্রুপ ও ব্রাজিলের সময়সূচি
২০২৬ বিশ্বকাপে `গ্রুপ সি`-তে খেলবে ব্রাজিল। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বজয়ের অভিযান। আমেরিকার তিনটি দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বসবে বিশ্বকাপের এই আসর।
গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী পরিবর্তিত):
১৩ জুন, ২০২৬: ব্রাজিল বনাম মরক্কো (মেটলাইফ স্টেডিয়াম)
১৯ জুন, ২০২৬: ব্রাজিল বনাম হাইতি (লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ড)
২৪ জুন, ২০২৬: স্কটল্যান্ড বনাম ব্রাজিল (হার্ড রক স্টেডিয়াম)
এক নজরে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ফেন্যারবাখচে), ওয়েবারটন (গ্রিমিও)।
রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো),ব্রেমার (জুবেন্তাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি), ওয়েসলি (রোমা)।
মিডফিল্ড: ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোটফোগো), ফ্যাবিয়েনহো (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)।
আক্রমণভাগ: ন্ড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিকে (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার জুনিয়র (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।