প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৬:৪৪ পিএম
ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনলেও ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর ফারুকী গ্রামের জেলে বেচু মাঝির পরিবারে নিয়ে এসেছে বিষাদের ছাপ। ঈদের দিনে সবাই আনন্দ উদযাপনে ব্যস্ত থাকলেও বেচু মাঝির পরিবার ব্যস্ত প্রিয়জনের দাফনের কাজে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে শেষ বিদায় জানাতে ব্যস্ত পরিবারে সবাই।
শুক্রবার রাতে তীব্র ঘূর্ণিঝড়ে মাছ ধরার ট্রলারডুবিতে বেচু মাঝির (৬৫) মৃত্যু হয়।
ঈদের আনন্দের প্রস্তুতির মধ্যেই সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকে পাথর হয়ে আছে পরিবারটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ আইচার চরপাতিলা বয়ার চরসংলগ্ন নদীতে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বেচু মাঝির ট্রলারটি। প্রায় পাঁচ ঘণ্টা পর নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে রাত ১০টার দিকে বাড়িতে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বেচু মাঝি তাঁর দুই ছেলে শাহীন (১২) ও সাকিলকে (১৪) নিয়ে মাছ ধরতে চরপাতিলা এলাকায় যান।
শুক্রবার বিকেলে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে ট্রলারটি উল্টে যায়। পানিতে ডুবে নিখোঁজ হন বেচু মাঝি। দুই ছেলে শাহীন ও সাকিল প্লাস্টিকের ড্রামের সাহায্যে কোনো রকম ভেসে থেকে প্রাণে বেঁচে যান। কিন্তু কিছুক্ষণ পর বাবার লাশ ভেসে উঠলে তাঁরা নিজেরাই সেটি তীরে নিয়ে আসেন।
ছেলেদের চোখের সামনে বাবার ডুবে যাওয়ার দৃশ্য কিছুতেই ভুলতে পারছেন না তারা।
এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। ঈদকে ঘিরে যেখানে আনন্দের প্রস্তুতি চলছিল সেখানে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। নিহতের স্ত্রী ও সন্তানদের কান্নায় ভারী হয়ে উঠেছে চর ফারুকী গ্রাম। বাবাকে হারিয়ে দুই ছেলের আহাজারি কাঁদিয়েছে গ্রামের সবাইকে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :