তেজগাঁও কলেজ মসজিদে বৈঠকে আটককৃতরা। ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে অবস্থিত তেজগাঁও কলেজ জামে মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্টতার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশের এক বিশেষ বার্তায় বলা হয়, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় সমবেত হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।
অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “মসজিদে গোপন বৈঠকের সময় সন্দেহজনক ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন। আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।