রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে জড়ো হয়ে বিক্ষোভে নামেন তারা। এতে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।
এর আগে রোববারও (১ নভেম্বর) ন্যূনতম মাসিক মজুরির দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তবে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষ ছাড়াও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।