ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com
অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে তমা মির্জার খোলাচিঠি

‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মেয়েটিকেই ঠকায়’

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:০৩ পিএম

‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মেয়েটিকেই ঠকায়’

অভিনেত্রী তমা মির্জা । ফাইল ছবি

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার অপমৃত্যু ঘিরে তোলপাড় চলছে শোবিজ অঙ্গনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইকরা আত্মহত্যা করেছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইকরাকে উদ্দেশ করে ফেসবুকে খোলাচিঠি লিখেছেন অভিনেত্রী তমা মির্জা। কেন এমন পদক্ষেপ নিলেন এই অভিনেতার স্ত্রী—সেই প্রশ্নই তুলেছেন তমা।

তমা লিখেছেন, ‘একটা মেয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষটির শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে। তার পাশে থাকে, তার সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে তবুও ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না।’

এই প্রসঙ্গে তমা লিখেছেন, ‘ভালোবাসার সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে সবার প্রথম ওই মেয়েটিকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ–তাচ্ছিল্য করে, প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দেয়।’

তমা তার ফেসবুক স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না, তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।’

স্ট্যাটাসের শেষ অংশে তমা লিখেছেন, ‘এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কি না, তাও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে।’

Link copied!