ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com
ময়নাতদন্তের তথ্য

দীর্ঘক্ষণ ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে ছিল বালি

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:৫০ পিএম

দীর্ঘক্ষণ ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে ছিল বালি

ভারতের দীঘায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।

দীঘার অদূরেই তমলুক হাসপাতাল সূত্রের বরাতে কলকাতার সংবাদ মাধ্যমগুলো বলছে, অভিনেতা রাহুল দীর্ঘক্ষণ জলে ডুবে ছিলেন, সে কারণেই তার মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের ফুসফুসের ভিতরে প্রচুর পরিমাণে বালি পাওয়া গেছে, সেই সাথে নোনাজল। তার খাদ্যনালি, শ্বাসনালি, পাকস্থলির ভিতরেও বালি ও পানি পাওয়া গেছে। বালি ও পানি ঢোকার কারণে ফুসফুস ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, রাহুলের অবস্থা দেখে তারা মনে করছেন ১ ঘণ্টারও বেশি সময় ধরে জলেই ডুবে ছিলেন অভিনেতা। কারণ, অল্প সময় জলে ডুবে থাকলে এরকম হওয়ার কথা নয়।

এদিকে, তমলুক হাসপাতাল থেকে রাহুলের মরদেহ নিয়ে কলকাতার দিকে রওনা হয়েছে গাড়ি। সঙ্গে রয়েছেন রাহুলের গাড়িচালক, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যরা।

উদ্ধার হয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ। তদন্তের জন্য পুলিশ ক্যামেরাটি নিয়ে গেছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই।

রোববার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল, তা নিয়ে নানা কথা উঠে আসছে। শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভালভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

পশ্চিমবঙ্গের আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা দিগন্ত বাগচী বলেন, ‍‍`শুটিং শেষে জলে নামেন রাহুল। হয় তিনি সাঁতার জানেন না, নয়তো কোনোভাবে আটকে পড়েছিলেন। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করে বলেন রাহুল দা ডুবে যাচ্ছে। সে সময়ই তড়িঘড়ি উদ্ধার করা হয়। তখনও রাহুল বেঁচে ছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।‍‍`

ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানান, শুটিংয়ে গভীর জলে নামার কোনো দৃশ্য ছিল না। অনেকেই আবার বলছেন, শুটিং শেষ করে রাহুল জলে নেমেছিলেন। কিন্তু কেন? সন্ধ্য়ায় কেন রাহুল জলে নামেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তার সহ-শিল্পী ও অনুগামীরা।

রাহুলের সহকর্মী থেকে শুরু করে টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাধিক কলাকুশলীরা রাহুল বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্য়ুর নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন।

গতকাল রাহুলের মৃত্যুর খবর পাওয়ার পর তার দীর্ঘ দিনের সহঅভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। তিনিও জানান, রাহুলের মৃত্যু মেনে নিতে পারছেন না। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও রাহুলের মৃত্যুর ঘটনার পুলিশি তদন্ত দাবি করেছেন। 

Link copied!