ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
amaderkhobor24.com

শিল্পকলায় সংগীত উৎসব: সুরের নহরে ভাসালেন যারা

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:৩৫ এএম

শিল্পকলায় সংগীত উৎসব: সুরের নহরে ভাসালেন যারা

আষাঢ়ের বৃষ্টিকে উপেক্ষা করে ঢাক-ঢোল বাদন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব সংগীত দিবস উদযাপন। ঢাক-ঢোলের গর্জন আর বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠল বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন আজ।

প্রথম সন্ধ্যার জমকালো আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন জাসাস-এর আহ্বায়ক জনাব হেলাল খান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা।

স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জানান সচিব জনাব মোহাম্মদ জাকির হোসেন।

মঞ্চের পর্দা উঠতেই পার্থ মজুমদারের পরিচালনায় যন্ত্রশিল্পীরা পরিবেশন করেন ‘তুমি নির্মল করো’, ‘মিলন হবে কত দিনে’ ও ‘লাম্বাডা’। এরপর এক মঞ্চে দেশের বরেণ্য কণ্ঠশিল্পী আগুন, মেহরীন, ফাহমিদা নবী, আলিফ আলাউদ্দিনসহ একঝাঁক তারকা গেয়ে ওঠেন ‘ধনধান্য পুষ্প ভরা’ এবং মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘We are the world’ গান দুটি।

প্রথম দিনের মূল আকর্ষণ ছিল তারকাদের একক পরিবেশনা। গান শোনান পিয়াল হাসান, ফাহমিদা নবী, আগুন, অনিমা রায়, মনির খান, শফি মন্ডল, ইয়াসমিন মুস্তারি প্রমুখ। এর পাশাপাশি চীন ও জাপান দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং ইথুন বাবু, অনিমেষ ও অংকনের ব্যান্ডসংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

দুই দিনব্যাপী এই উৎসবের সমাপনী ঘটবে আগামীকাল ২২ জুন (সোমবার) বিকেল ৫:৩০ মিনিটে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব মোঃ রুহুল কবির রিজভী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জনাব এমরান সালেহ প্রিন্স এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসাস-এর সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন। দ্বিতীয় দিনের অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব জনাব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

Link copied!