ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
amaderkhobor24.com

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:৪২ পিএম

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল। ছবি: সংগৃহীত

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমাতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়ে বাজিমাত করেছিলেন তিনি। অভিনয়দক্ষতা দিয়ে দ্রুতই ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেন এই অভিনেত্রী। তবে এবার আর কেবল দেশের গণ্ডি নয়, তার ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক মাইলফলক।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

রুবাইয়াত হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো বিশ্বের প্রাচীনতম এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশের কোনো সিনেমা।

এই ঐতিহাসিক অর্জনের অংশ হতে এবং সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশ্যে উড়াল দেবেন সুনেরাহ। ভেনিসের মতো বিশ্বমানের প্ল্যাটফর্মে আমন্ত্রণ পাওয়াকে কেবল ব্যক্তি ক্যারিয়ারের প্রাপ্তি হিসেবে দেখছেন না সুনেরাহ।

বরং আন্তর্জাতিক এই মঞ্চকে অভিজ্ঞতা অর্জনের এক নতুন ক্ষেত্র মনে করছেন তিনি। বিশ্বচলচ্চিত্রের নামীদামি নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও সিনেমা বিশেষজ্ঞদের সাথে এক ছাদের নিচে উপস্থিত থাকার এই সফর তার অভিনয় যাত্রায় নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশাবাদী এই অভিনেত্রী।

Link copied!