ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com

ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি টাকা

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৪:০২ পিএম

ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি টাকা

ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার। প্রতীকী ছবি

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার। চলতি অর্থবছরের প্রয়োজনীয় টিকা কেনায় ৪১২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের অনুমোদন মিলেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

বুধবার (১০ জুন) পৌনে ১১টায় সচিবালয়ে হওয়া এ বৈঠকে টিকা কেনার সিদ্ধান্তে কমিটির সায় মিলেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত তিন মাসে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন ৬৩১ জন।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন।

বিএনপি ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার রীতিমতো হিমশিম খায়; তখন উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার বিষয়টিও। এর মধ্যে আগুনে ঘি ঢেলেছিলেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, টিকার ঘাটতি নিয়ে মুহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঁচ থেকে ছয়টি চিঠি পাঠিয়েছেন তারা এবং বৈঠক হয়েছে অন্তত ১০টি।

তিনি বলেন, টিকা সংকটের আশঙ্কার বিষয়ে বারবার সতর্ক করা হয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।

এর আগে ২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা সংগ্রহ করা হতো, যেখানে অর্থায়নের বড় অংশ আসত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। তবে ২০২৫ সালে টিকা সংগ্রহকে রাজস্ব বাজেটের আওতায় এনে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় নেওয়া হয়।

এদিকে সরকারি ক্রয় কমিটির বৈঠকে পুলিশের কার্যক্রমে ব্যবহারের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদনও দেওয়া হয়েছে। পাশাপাশি সার, গ্যাসোলিন ও ফার্নেস অয়েল কেনার প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি।

Link copied!