প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি: রয়টার্স
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশের পূর্বাঞ্চলে তিন দফায় আসা মোট ২৩টি ড্রোন ভূপাতিত করেছে। আল জাজিরার খবরে আজ সোমবার এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ দফায় ১২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তার আগের দফায় ৬টি এবং সবার শুরুতে আরও ৫টি ড্রোন ভূপাতিত করা হয়।
এর আগে আজ মধ্যরাতেও আরও ৩৭টি ড্রোন ভূপাতিত করার খবর জানিয়েছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরই নতুন করে এই ২৩টি ড্রোন ভূপাতিত করার খবর সামনে এলো।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের সূত্রপাত হয়।
এরপর থেকে ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালানো শুরু করে। সেই থেকে দেশগুলোর মধ্যে নিয়মিত হামলা ও পাল্টা হামলা চলছে।
এরই ধারাবাহিকতায় আজ তেহরানে নতুন করে বড় ধরনের হামলা হয়েছে। রাতের অন্ধকারেও শহরের অন্তত দুই থেকে তিনটি স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
তীব্র বোমা হামলার কারণে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।
চলমান এই হামলায় এখন পর্যন্ত অন্তত দেড় হাজার বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তার চরম সংকট তৈরি হয়েছে।
এদিকে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডাইভার্ট করা ফ্লাইটগুলোকে এখন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হবে।
এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় দেশটির সিভিল এভিয়েশন অথরিটি। মূলত এরপরই ফ্লাইট ডাইভারশনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :