ভারতের উত্তর প্রদেশে বয়ে যাওয়া শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিপাতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। বুধবার আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যজুড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়-বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে প্রয়াগরাজ। সেখানে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভাদোহিতে ১৮, মির্জাপুরে ১৫, ফতেহপুরে ১০ এবং উন্নাও ও বদায়ুনে ৬ জন করে মারা গেছেন। প্রতাপগড় ও বেরিলিতে ৪ জন করে এবং সীতাপুর, রায়বেরেলি ও চন্দোলিতে দুই জন করে প্রাণ হারিয়েছেন। কানপুর দেহাত, হারদোই, সম্ভল, কৌশাম্বী, শাহজাহানপুর, সোনভদ্র ও লখিমপুর থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই উত্তর প্রদেশের আবহাওয়ার পরিবর্তন ঘটে। ধুলোর মেঘে ঢেকে যায় রাজ্যের বিশাল অংশ। তীব্র বাতাসের তোড়ে হোর্ডিং ও টিনের চালা উড়ে যাওয়ায় অনেক মানুষকে উড়ালসড়ক ও গাছের নিচে আশ্রয় নিতে দেখা যায়। ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে অনেক যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে।
ঝড়ে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েন। উদ্ধারকারীরা অনেক জায়গায় খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করেন। বেরিলিতে একটি ভিডিওতে দেখা গেছে, শক্তিশালী বাতাসের ধাক্কায় এক ব্যক্তি দূরে ছিটকে পড়েন; এতে তার হাত-পা ভেঙে গেছে।
দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি