টানা তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে গত রোববার (২৬ এপ্রিল) থেকে। আজ রোববারও দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুধু আজকের দিনটিই নয়, এ সপ্তাহের বাকি দিনগুলোতেও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আর তাতে অন্তত চলতি সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা কম। আর বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে দক্ষিণ-পূর্বে এবং উত্তর-পূর্বের বৃহত্তর সিলেটে। রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে।
গতকাল শনিবার রাজধানীসহ দেশের প্রায় সব এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে।বেশি বৃষ্টি হয়েছে বৃহত্তর সিলেটে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৬২ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ বলেন, আগামী অন্তত পাঁচ থেকে ছয় দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে একটানা বৃষ্টি না–ও হতে পারে। বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে সিলেট, মৌলভীবাজার ও হাওর এলাকায়। আর দক্ষিণাঞ্চলেও বৃষ্টি বেশি হতে পারে। তবে রাজশাহী ও রংপুরে বৃষ্টি কমে হতে পারে।
এ সময়টায় বেশি তাপমাত্রা থাকে রাজশাহী ও রংপুরেই। গত মাসের শেষ দিকে এই দুই বিভাগের অনেক এলাকায় তাপপ্রবাহ চলেছে। তবে এ সপ্তাহে দেশে তাপপ্রবাহের সম্ভাবনা কমবে বলেই জানিয়েছেন বজলুর রশীদ।
আজ সকাল সাতটায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সকাল ছয়টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আজ দুপুরে বা বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে।এদিকে বৃষ্টির কারণে দেশে তাপমাত্রা কমে এসেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।