ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

বাংলাদেশ-ভারত যৌথ আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রের প্রস্তাব

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৩:৫৬ পিএম

বাংলাদেশ-ভারত যৌথ আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রের প্রস্তাব

আয়ুর্বেদ বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে ভারতের হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ১১তম আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।

দীনেশ ত্রিবেদী বলেন, সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধে ঐতিহ্যবাহী চিকিৎসা ও জ্ঞানব্যবস্থার গুরুত্ব রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে আয়ুর্বেদ নিয়ে যৌথ গবেষণার জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠিত হলে দুই দেশের শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কও আরো জোরদার হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অ্যান মেরি জর্জ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি এবারের আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ আগামী দিনের জন্য আয়ুর্বেদ’ তুলে ধরেন। পাশাপাশি আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথির প্রসারে ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে সরকারি আয়ুর্বেদ ও ইউনানি কলেজের অধ্যক্ষ রশিদুজ্জামান খান, প্রাচীর প্রতিনিধি ডা. মোখলেসুর রহমান, নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ মামুন মিয়া এবং নারায়ণগঞ্জ আর্টস কলেজের অধ্যক্ষ শামসুল আলম আজাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একাডেমিক পর্বে আয়ুর্বেদ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. জাকির হোসাইন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ চিকিৎসা বিভাগের প্রধান অধ্যাপক ডা. বাবুল আক্তার এবং ডা. মোহাম্মদ মামুন মিয়া বক্তব্য দেন।

বাংলাদেশের বিভিন্ন আয়ুর্বেদ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন। পরে সাংস্কৃতিক পর্বে বাংলাদেশি শিল্পী শাহিন সোবহানা সুরভির উল দিয়ে তৈরি গণপতি ট্যাপেস্ট্রির প্রতীকী উদ্বোধন করা হয়। এরপর শাস্ত্রীয় ও বাংলা খেয়াল সংগীতশিল্পী রঞ্জন চন্দ্র সরকার সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে শিল্পীকে সম্মাননা দেওয়া হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

Link copied!